টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন অপরাধ দমন ও জনস্বার্থে আইন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় গত আগস্ট মাসে ২৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৩টি মামলায় ১২ লাখ ৯ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড এবং ৪৯ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানায়, আগস্টের প্রথমার্ধে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩২টি মামলায় ৭ লাখ ১৭ হাজার ১০০ টাকা জরিমানা এবং ২২ জনকে কারাদণ্ড দেওয়া হয়। দ্বিতীয়ার্ধে ১২টি ভ্রাম্যমাণ আদালতে ৪১টি মামলায় ৪ লাখ ৯২ হাজার ৩৫০ টাকা জরিমানা এবং ২৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, বাল্যবিবাহ নিরোধ, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ, জুয়া প্রতিরোধ, দণ্ডবিধি এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনসহ বিভিন্ন আইনে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলায় ৪৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ
টাংগাইলে চকরি মেলায় ২ হাজার ২৭ জনের চাকরি
এ ছাড়া আগস্ট মাসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি মামলায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেন।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার কালের কণ্ঠকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।’
সুশাসনের জন্য নাগরিক (সুজন) টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ বলেন, কালিহাতী উপজেলা প্রশাসনের এসব উদ্যোগ অত্যন্ত ইতিবাচক।

