টাঙ্গাইলের পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামের নিখোঁজ অটোচালক রাশেদুল হাসান (২০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। সেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় তিনি নিহত রাশেদুলের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন। একমাত্র সন্তান হারিয়ে শোকে পাগলপ্রায় মায়ের আহাজারিতে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
নিহতের পরিবারকে সান্ত্বনা দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, অপরাধী যে-ই হোক, তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, পোড়াবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল সরকার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

