মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন

ফের ভারতকে চেপে ধরলো বাংলাদেশ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ঘণ্টাতেই তিন উইকেট। কিন্তু দ্বিতীয় ঘণ্টা কাটে হতাশায়।

:: সংক্ষিপ্ত স্কোর ::
ভারত ১ম ইনিংস: ১৭৬/৬ (৪৮ ওভার)

দ্বিতীয় সেশনের শুরুতে ফের ত্রাতা হন হাসান মাহমুদ। তার ওপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে। চা-বিরতির আগপর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছে ভারত।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত।  টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।   ৪২ বছর পর কোনো সফরকারী দলের অধিনায়ক চেন্নাইয়ের মাটিতে টস জিতে আগে বোলিং নিল।  চেন্নাইয়ের মেঘে ঢাকা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। তার বোলাররা করে দেখিয়েছেন তেমন কিছুই।

তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মা বেঁচে যান আম্পায়ারস কলে। তাসকিনের কাছ থেকে বাঁচলেও হাসান মাহমুদ ঠিকই রোহিতকে তুলে নেন। পঞ্চম ওভারে তার অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বল ডিফেন্ড করতে যান রোহিত, তার ব্যাট ছুয়ে বল যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শান্তর হাতে। ১৯ বলে ৬ রান করে ফেরেন তিনি।

উইকেট মেডেন দেওয়ার পরের ওভারে এসে প্রথম বলেই চার হজম করেন হাসান। কিন্তু ঘুরে দাঁড়াতেও সময় নেননি। তৃতীয় বলে শুভমান গিল ক্যাচ দেন উইকেটের পেছনে। হাসান এরপরও থাকেন উজ্জ্বল।

নিজের টানা তৃতীয় ওভারে উইকেট নেন তিনি। এবার ফেরান বিরাট কোহলিকে। হাসানের বলে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ৬ বলে ৬ রান করে ফিরতে হয় কোহলিকে।

দুর্দান্ত প্রথম ঘণ্টার পর দ্বিতীয়টি কেটেছে হতাশায়। ওপেনার যশস্বী জয়সওয়াল ও ঋষভ পান্ত কাটিয়ে দেন বাকি সময়, রানও এসেছে। শেষে হতাশা বেড়েছে তাসকিনের বলে স্লিপে সাদমান ক্যাচ ছাড়লে।

প্রথম সেশনের শেষ ঘণ্টা ভালো কাটেনি। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই আবারও দলের জন্য ত্রাতা হন হাসান মাহমুদ। মাত্র তৃতীয় ওভারেই ৫২ বলে ৩৯ রান করা পান্ত উইকেটের পেছনে ক্যাচ দেন তার বলে।

এরপর লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে দলকে টেনে নেওয়ার দায়িত্ব নেন জয়সওয়াল। এই ওপেনার তুলে নেন হাফ সেঞ্চুরিও। কিন্তু তাকে ফেরান নাহিদ রানা। ১১৮ বলে ৫৬ রান করে স্লিপে দাঁড়ানো সাদমানের হাতে ক্যাচ দেন বাঁহাতি এই ওপেনার।

পরের ওভার করতে আসেন মেহেদী হাসান মিরাজ। তার বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লোকেশ রাহুল। ৫৬ বলে ১৬ রান করেছিলেন তিনি। ৬ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধারের চেষ্টা করছেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ১৯ বলে ২১ রানে অশ্বিন ও ১৭ বলে ৭ রানে অপরাজিত আছেন জাদেজা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102