বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন বলেছেন, কয়েকদিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। নিরপেক্ষ নির্বাচনের জন্য যা কিছু করা দরকার তার সবকিছু করতে হবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড মাঠে অনুষ্ঠিত ৫৭তম টিআরসি জুন ২০২৫ ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি জাতীয় সংকটে পুলিশ সদস্যরা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেছেন। দেশ ও দেশের মানুষের সেবা করেছেন এবং তাদের পাশে থেকেছেন।
স্বাধীন বাংলাদেশের সকল জনগণের নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন আপনাদের ওপর অর্পিত হচ্ছে। এই দায়িত্ব পালনে আপনারা প্রস্তুত বলে আমি বিশ্বাস করি। পুলিশের আচরণে শৃঙ্খলাবোধ ও মানবতা থাকা অত্যন্ত জরুরি। তারা ন্যায়পরায়ণ ও পেশাদরিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
এ সময় ট্রেনিং সেন্টারর কমান্ডড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম, অতিরিক্ত ডিআইজি ড. এ এইচ এম কামরুজ্জামান এবং মো. মাহফুজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৫৭তম টিআরসি ব্যাচে ৪২০৫ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল সফলতার সঙ্গে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে পুলিশ ট্রেনিং সেন্টার সূত্র জানিয়েছেন।