মির্জাপুরে পোশাকের দোকানে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে হাসান’স নামে তৈরি পোশাকের একটি দোকানে (ব্যবসা প্রতিষ্ঠান) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে উপজেলা সদরের তোফাজ্জল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আইপিএস থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা ধারণা করছেন।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মালিক ও কর্মচারীরা বাসায় চলে যান। রাত ১০টা ২০ মিনিটে আশপাশের ব্যবসায়ীরা হাসান’স নামে তৈরি পোশাকের একটি দোকান থেকে ধুয়া বের হতে দেখেন। এ সময় পথচারী ও ব্যবসায়ীরা দোকানের তালা ভেঙে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস মির্জাপুর অফিসের সাব অফিসার মতিয়ার রহমানের নেতৃত্বে দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

দোকান মালিক হাসান’স অ্যাডভোকেট জাহিদ হাসান বলেন, ধার-দেনা করে ছেলেদের ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। আগুনে সব শেষ করে দিয়েছে।

আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমাদের পথে বসিয়ে দিয়েছে।

ফায়ার সার্ভিস মির্জাপুর অফিসের সাব অফিসার মতিয়ার রহমান বলেন, দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।

তিনি বলেন, মির্জাপুর একটি বড় শহর।

এই শহরে বহু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই শহরে কমপক্ষে চারটি স্পটে ৫০ হাজার লিটার পানির ধারণ ক্ষমতা পানির ট্যাংক থাকা দরকার।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের পুলিশ সার্বিক সহযোগিতা করেছেন।