টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত পাঁচটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। একই সঙ্গে ইট উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে পৃথকভাবে এসব ইটভাটাকে মোট ২৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানা করা ইটভাটাগুলো হলো—কালামাঝি এলাকার মেসার্স বিজয় ব্রিকসকে ৫ লাখ টাকা, কুড়ালিয়া এলাকার মেসার্স সিটি ব্রিকসকে ৬ লাখ টাকা, একই এলাকার মেসার্স এম. কে. বি. ব্রিকসকে ৬ লাখ টাকা, দহিরাইল এলাকার মেসার্স ভিটাপ ব্রিকসকে ৬ লাখ টাকা এবং দহিরাইল এলাকার মেসার্স সুপ্রিম ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কিলন ভেঙে দেওয়া হয় এবং উৎপাদনের জন্য প্রস্তুত কাঁচা ইট ধ্বংস করা হয়। ভবিষ্যতে অবৈধভাবে ইট উৎপাদন বন্ধ রাখতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এ সময় পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।