টাঙ্গাইল জেলার ৮টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে নতুন মুখ বিজয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তারা প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন।
নতুন এমপিরা হলেন- মধুপুর ও ধনবাড়ী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় সদস্য ফকির মাহবুব আনাম স্বপন, কালিহাতী উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল সদর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৫ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু, নাগরপুর ও দেলদুয়ার উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রবিউল আওয়াল লাভলু, বাসাইল ও সখীপুর উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।
টাঙ্গাইল-১ আসনে ফকির মাহবুব আনাম স্বপন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য সুলতান সালউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আ্যডভোকেট আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কালিহাতীর নবনির্বাচিত এমপি লুৎফর রহমান মতিন বলেন, ‘আমি দেশনায়ক তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং কালিহাতীর মানুষের কাছে চিরকৃতজ্ঞ। কাজের মাধ্যমে মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।’

