টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে মাত্র দুজন নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাদের উভয়েরই মনোনয়ন বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার।
তারা হলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ফাতেমা রহমান বীথি।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৮টি আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ৮৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জমা দেন ৬৫ জন। এরপর যাচাই-বাছাই শেষে একাধিক কারণে ২৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। বর্তমানে বৈধ প্রার্থী রয়েছেন ৩৭ জন।ঘাটাইলের আইনিন নাহারের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের সঠিকতা না থাকায় তার মনোনয়ন বাতিল হয়েছে।
সদরের ফাতেমা রহমান বীথির ক্ষেত্রে দলীয় মনোনয়ন দাখিল না করায় মনোনয়ন বাতিল হয়।গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা রহমান বীথি বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম ও অঙ্গীকারনামার মূল কপি জমা না দিয়ে ভুলে ফটোকপি জমা দিই। ফলে আমার মনোনয়ন আপাতত বাতিল হয়েছে। আমি ঢাকা নির্বাচন কমিশনে আপিল করব।
সব প্রয়োজনীয় তথ্য জমা দিয়ে মনোনয়ন ফিরে পাব আশা করি। সবার কাছে দোয়া চাই।’
এদিকে আইনিন নাহার জানান, মনোনয়ন ফিরে পেতে তিনি আপিল করবেন।