মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঘরে ঢুকে এক বৃদ্ধর মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে মাটিবোঝাই একটি ড্রাম ট্রাক ঘরের ভেতর ঢুকে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে নাদিম উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ মারা যান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাকুল্যা-লাউহাটী আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার পাঁচচামারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নাদিম উদ্দিন পাঁচচামারী গ্রামের মৃত মোকাদ্দস আলী মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং ড্রাম ট্রাকটি আটক করেন।

এলাকার লোকজন জানান, উপজেলার ওপর দিয়ে প্রবাহিত লৌহজং নদীর পাকুল্যা এলাকার চুকুরিয়া ঘাটে স্থানীয় প্রভাবশালী রাজীব, মোকাদ্দছ, পিন্টু নামের ব্যক্তিরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ রাতের আঁধারে মাটি কেটে ড্রাম ট্রাকে বিক্রি করছেন। শুক্রবার রাতে মাটিবোঝাই একটি ড্রাম ট্রাক লাউহাটী যাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথিমধ্যে পাঁচচামারী গ্রামের নাদিম উদ্দিনের বসতঘরে ঢুকে পড়ে। এসময় ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে নাদিমের মৃত্যু হয়। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে যান এবং সুরতহাল শেষ করেন। পরিবার ও স্থানীয়রা মরদেহ ও ড্রাম ট্রাক উদ্ধারে বাধা দেন বলে পুলিশ জানান।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান বলেন, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পরিবার ও স্থানীয় লোকজন মরদেহ ও ট্রাকটি উদ্ধারে বাধা দেন। এতে কিছুটা সময় বিলম্ব হয়। ট্রাকের চালক ও মাটি ব্যবসায়ীকে শনাক্তে পুলিশ কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, মির্জাপুর উপজেলার জামুর্কী, বানাইল, আজগানা, গোড়াই, পৌরসভা, ওয়ার্শী, বহুরিয়া, ভাওড়া, লতিফপুর, তরফপুর, বাঁশতৈল, মহেড়া ও ফতেপুর ইউনিয়নের অর্ধশতাধিক স্পটে অর্ধশতাধিক ভেকু মেশিন দিয়ে রাতের আঁধারে নদীর পার ও আবাদী জমির মাটি কাটা হচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102