মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

ঘাটাইলের বিভিন্ন গ্রাম-গঞ্জে শিমুল গাছে লাল ফুলের দেখা মিলছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঋতুরাজ বসন্তের আগমনে ফুলে ফুলে ভরে গেছে শিমুল গাছ। শিমুল ফুলের রক্তিম রঙে প্রকৃতি সেজেছে এক রঙিন রূপে। গাছে গাছে শোভা পাচ্ছে নয়নাভিরাম শিমুল ফুল আর পাখিদের মিলন মেলা।

ফাল্গুন মাসজুড়ে শিমুল ফুল লাল পাপড়ি মেলে সৌন্দর্য বিলাচ্ছে। দূর থেকে হঠাৎ দেখলে ঠিক মনে হবে, কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছেন। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য মনে করিয়ে দেয় জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। মানুষের গুরুত্বহীনতায় মূল্যবান এ গাছটি এখন প্রায় বিলুপ্তির পথে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বিভিন্ন অঞ্চলের গ্রাম-গঞ্জে এখন শিমুল গাছে লাল ফুলের সমারোহ দেখা মিলছে। নদীর তীর, গ্রামের মেঠো পথে ও বনাঞ্চলে শিমুল গাছের সৌন্দর্য নজর কাড়ছে প্রকৃতি প্রেমীদের।

প্রকৃতি প্রেমীদের মতে, শিমুল ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না। এটি প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছির দল, যা পরাগায়নে সহায়তা করে। শুধু সৌন্দর্য আর মধু নয়। শিমুল গাছের তুলা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়।

শিমুল গাছ কেবল সৌন্দর্যই বাড়ায় না এই গাছে রয়েছে নানা উপকারিতা এবং অর্থনৈতিকভাবেও বেশ গুরুত্ব বহন করে। শিমুল গাছের ছাল ঘা সারাতে সহায়তা করে। রক্ত আমাশয়ে দূর করে। ছাল ফোড়ার উপর প্রলেপ দিয়ে উপকার হয়। শিমুল তুলা খুব ভালো। এটার তৈরি বালিশ বা অন্য কোনো জিনিস খুব নরম। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার গ্রাম অঞ্চলে বিভিন্ন এলাকায় দেখা যায়, গাছে গাছে শোভা পাচ্ছে শিমুল ফুল। তবে আগের তুলনায় খুবই কম। শহর অঞ্চলে তো শিমুল গাছের অস্থিত্ব নাই বললেই চলে।

চৈত্র মাসের শেষের দিকে ফুল ফলে পুষ্ট হয়। বৈশাখ মাসের দিকে ফলগুলো পেকে শুকিয়ে গিয়ে বাতাসে আপনা-আপনিই ফল ফেটে প্রাকৃতিকভাবে তুলার সাথে উড়ে উড়ে দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া বীজ থেকেই শিমুল গাছের জন্মের পর প্রাকৃতিকভাবেই শিমুল গাছ বেড়ে উঠে।

কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এখন আর তেমন চোখে পড়ে না শিমুল গাছ। নির্বিচারে শিমুলগাছ নিধন ও চারা রোপণ না করার কারণে এ অঞ্চল থেকে শিমুল গাছ বিলুপ্ত হওয়ার পথে। শিমুল গাছ রক্ষায় সরকারি নজরদারি বাড়ানো দরকার এবং সংরক্ষণে কৃষি বিভাগসহ পরিবেশবাদী সংগঠনকে এগিয়ে আসতে হবে।

ঘাটাইল উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান বলেন, শিমুল তুলা একসময় আবহমান বাংলায় প্রচুর ব্যবহার হতো। আধুনিকায়নের ফলে শিমুল তুলার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। যে কারণে কেউ শিমুল গাছ লাগায় না। কিন্তু প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে আমাদের শিমুল গাছের প্রতি যত্নশীল হতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102