মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কমিটি গঠন

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির কমিটি গঠন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আহ্বায়ক এবং দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি।

শনিবার (১৪ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের মোট ৮৯ জন নেতা।

 ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’র অন্য সদস্যদের মধ্যে রয়েছেন: আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, আবদুস সালাম পিন্টু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আজম খান, নিতাই রায় চৌধুরী, আসাদুজ্জামান রিপন, মিজানুর রহমান মিনু, হাবিবুর রহমান হাবিব, আতাউর রহমান ঢালী, আফরোজা খানম রিতা, আরিফুল হক চৌধুরী, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপু, শিরিন সুলতানা, অনিন্দ্য ইসলাম অমিত, আফরোজা আব্বাস, কৃষিবিদ হাসান জাফির তুহিন, এস এম জিলানী, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, নুরুল ইসলাম নয়নসহ অন্যান্য নেতা।

আগামী ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। পরে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে সমাহিত করা হয়।

আরো পড়ুনঃ দেশকে বুকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ ভারত, পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই জননেতা সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ছিলেন সোচ্চার। তিনি মানুষের কাছে ‘মজলুম জননেতা’ হিসেবে পরিচিত।

১৯২৯ সালে তিনি আসামের ধুবড়ী জেলার ব্রহ্মপুত্র নদের একটি দ্বীপ ‘ভাসান চরে’ এক বিশাল কৃষক সম্মেলন আয়োজন করেন। সেখানকার নিপীড়িত কৃষক ও প্রজাদের অধিকার রক্ষায় তাঁর আপসহীন নেতৃত্বের কারণে স্থানীয়রা তাঁকে ‘ভাসানীর মওলানা’ বা সংক্ষেপে ‘ভাসানী’ উপাধিতে ভূষিত করেন।

জাতীয় কমিটির একাধিক সদস্য জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা ও টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, আলোচনা সভা ও মাজার জিয়ারতসহ নানা আয়োজন।