মির্জাপুরে মাদরাসা পরিচালক আটক

মির্জাপুরে আবাসিক ছাত্রদের বলাৎকারের অভিযোগে মাদরাসা পরিচালককে আটক

টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক আবাসিক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে ইব্রাহিম খান রিয়াদ নামে এক মাদরাসা পরিচালককে আটক করেছে পুলিশ। এর আগে স্থানীয়দের হাতে মারধরের শিকার হন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শ্রীহরিপাড়া এলাকার আজিজুল কোরআন মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসাটির ৫-৬ জন আবাসিক ছাত্রকে বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে পরিচালক ইব্রাহিম খান রিয়াদের বিরুদ্ধে। শুক্রবার আবাসিক এক ছাত্র ছুটিতে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। পরে ওই ছাত্রের অভিভাবকরা বিষয়টি মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু ও ভাতগ্রাম ইউনিয়নের সাবেক সদস্য জিয়ারত হোসেনকে অবহিত করেন।

শনিবার বিকেলে অভিযোগের বিষয়ে মাদরাসায় স্থানীয়ভাবে সালিশ বৈঠক বসে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে উপস্থিত এলাকাবাসী অভিযুক্ত পরিচালককে মারধর করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মির্জাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান সানু জানান, এক ছাত্র পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করার পর তার অভিভাবকরা তাকে অবহিত করেন। পরে এ নিয়ে মাদরাসায় বৈঠক বসলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ইব্রাহিম খান রিয়াদকে থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।