টাঙ্গাইলের নাগরপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। সোমবার (১৯ মে) ভোরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫২)। তিনি উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের মৃত চান মিয়ার ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল বিএনপি নেতা বাদশা মিয়ার সঙ্গে জব্বারের। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
গত রবিবার আদালতে হাজিরা দিয়ে ফেরার পর রাতে বাদশা মিয়া জব্বারের পরিবারকে গালাগাল করেন। এর জের ধরে সোমবার ভোরে তিনি দলবল নিয়ে জব্বারের বাড়িতে হামলা চালান। তারা লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করলে জব্বারসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক ডা. ফারহানা আফরোজ বলেন, ‘জব্বারকে হাসপাতালে আনার আগেই মারা যান।’
নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এমএ ছালাম বলেন, বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক সম্পাদক এবং মামুদনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।
নাগরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

