মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :

কালিহাতীতে লতিফ সিদ্দিকীকে হারিয়ে প্রথমবারের মত এমপি বিএনপির প্রার্থী মতিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পাঁচবার সংসদ সদস্য হন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে এবার তাকে হারিয়ে প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন বিএনপির প্রার্থী। ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান মতিন ৪২ হাজার ৮৩৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন লতিফ সিদ্দিকীকে।

আসনটিতে প্রতিদ্বন্দ্বী আরও তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার লিয়াকত আলী (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন (হাতপাখা) ও বিএনপির বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল হালিম মিঞা (মোটরসাইকেল)।

আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ লতিফ সিদ্দিকী ও বিএনপির লুৎফর রহমান মতিন নির্বাচনী মাঠে পুরনো প্রতিদ্বন্দ্বী। ২০০৮ সালের নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করে লতিফ সিদ্দিকীর কাছে হেরে যান মতিন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী হাঁস প্রতীকে ৬২ হাজার ৫০৯ ভোট পেয়ে পরাজিত হন।

ধানের শীষ প্রতীকে মতিন পেয়েছেন এক লাখ পাঁচ হাজার ৩৪২ ভোট। জামায়াত পেয়েছে ৫০ হাজার ১৯২ ভোট।

টাঙ্গাইলের কালিহাতী নানা কারণে বাংলাদেশের আলোচিত স্থান। স্বাধীনতার ইশতেহার পাঠ করা প্রয়াত শাজাহান সিরাজ এ আসনে ১৯৭৯ ও ১৯৮৮ সালে জাসদ থেকে এবং ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির মনোনয়নে এমপি নির্বাচিত হয়ে একাধিকবার মন্ত্রী হন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকী এখান থেকে ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদের সদস্য; ১৯৭৩, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে এবং ২০২৪ সালে স্বতন্ত্র এমপি নির্বাচিত হন। হয়েছেন মন্ত্রীও।
২০১৪ সালে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র হজ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করায় লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ। এরপর ২০১৮ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হন তিনি।

কিন্তু নৌকার নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয়ে নির্বাচন বাদ দিয়ে ঢাকায় চলে আসেন লতিফ। ওইবার আসনটি থেকে এমপি হন আওয়ামী লীগের হাসান ইমাম খান সোহেল হাজারী। ২০২৪ সালের নির্বাচনে তিনি নৌকার প্রার্থী মোজহারুল ইসলাম তালুকদারকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ১৯৮৬ সালে লতিফ সিদ্দিকীর স্ত্রী বেগম লায়লা সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন এমপি হন।

পুরনো ধারার পরিবর্তনের মধ্য দিয়ে এবার সংসদে যাচ্ছেন শিক্ষানুরাগী বিএনপির কেন্দ্রীয় সদস্য লুৎফর রহমান মতিন। এলেঙ্গায় তার প্রতিষ্ঠিত মহিলা কলেজটি উত্তর টাঙ্গাইলে নারী শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছে।

নির্বাচনে প্রথম থেকেই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী লুৎফর রহমান মতিন বলেন, ‌‘আমি শ্রদ্ধেয় ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশেই রাজনীতিতে এসেছিলাম। কালিহাতীর মানুষের জন্য দীর্ঘদিন ধরে সাধ্যমতো কাজ করে যাচ্ছি। এবার সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাকে নির্বাচিত করায় দেশনায়ক তারেক রহমান, দলীয় নেতাকর্মী এবং কালিহাতীর মানুষের কাছে চিরকৃতজ্ঞ। কাজের মাধ্যমে মানুষের ভালোবাসার প্রতিদান দিতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।’

১৩টি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা নিয়ে গঠিত কালিহাতী উপজেলায় মোট ভোটার তিন লাখ ৭৪ হাজার ৯১৭ জন। ভোট পড়েছে দুই লাখ ২৮ হাজার ৭৭৮। মোট ভোটকেন্দ্র রয়েছে ১১৪টি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102