মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে হলে টাঙ্গাইলের ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে হবে। তবেই টাঙ্গাইল একটি সমৃদ্ধ সাংস্কৃতিক নগরীতে পরিণত হবে।
শুক্রবার (১৫ মে) দুপুরে শহরের শিশু একাডেমী মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘একটি সুন্দর নিরাপদ ও আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। যাতে টাঙ্গাইলকে এমনভাবে গড়ে তুলতে পারি যেন টাঙ্গাইল হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত এবং চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ টাঙ্গাইল।’
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবে কবি মতিয়ারা মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন এবং গীতিকার-সুরকার ও সংগীতশিল্পী ফিরোজ আহমেদ বাচ্চু প্রমুখ।
