টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে ইসমাইল হোসেন (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে সহপাঠীদের সঙ্গে উপজেলার হাটুভাঙ্গা এলাকায় বংশাই নদীতে গোসলে নেমে নিখোঁজ হন বলে জানা গেছে।
ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগ গ্রামের ইব্রাহীম খলিলের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানান, শনিবার গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে ৭০-৮০ জন নৌকা ভ্রমণে মির্জাপুরে আসেন। ইসমাইল হোসেন সহপাঠীদের সঙ্গে বিকেল ৪টার দিকে মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়নের হাটুভাঙ্গা এলাকায় বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।
মির্জাপুর ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েছেন। সন্ধ্যা হওয়ায় উদ্ধার কাজ সমাপ্ত করেন।
