টাঙ্গাইলে তীব্র গরমে কর্মজীবী অসহায় মানুষের কষ্ট লাঘবে ছাতা, হাতপাখা এবং মাস্ক বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। সোমবার দুপুরে (৮ মে) জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ওবায়দুল হক নাছির।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহীন, রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতারা। কর্মসূচির আওতায় রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী মানুষের হাতে ছাতা, হাতপাখা ও মাস্ক তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, চলমান তাপপ্রবাহে খেটে খাওয়া ও অসহায় মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়াতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠান শেষে সবাইকে পানি পান করানো হয়।