এলেঙ্গায় চালককে জিম্মি করে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা

এলেঙ্গায় চালককে জিম্মি করে মাইক্রোবাস ছিনতাইয়ের চেষ্টা

টাঙ্গাইলের কালিহাতীতে চালককে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। এসময় হাইওয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে গাড়ি থেকে দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি মাইক্রোবাস গাজীপুরের কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়। চালক খোরশেদকে মোবাইল ফোনে যোগাযোগ করে গাড়িটি রিজার্ভ করা হয়৷ পরে চন্দ্রাসহ মহাসড়কের বিভিন্ন স্থান থেকে পর্যায়ক্রমে ৫ থেকে ৭ জন ব্যক্তি গাড়িতে ওঠেন।

আরো পড়ুনঃ এলেঙ্গায় ৩০০ পিস ইয়াবাসহ ভূঞাপুর যুবদলের দুই নেতা আটক

চালকের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তিরা ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে গাড়ির নিয়ন্ত্রণ নেন। পরে তাদের নির্দেশ অনুযায়ী গাড়ি চালাতে বলেন। একপর্যায়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড ট্রাফিক পয়েন্ট থেকে প্রায় ২০০ গজ পূর্বে হাইওয়ে পুলিশের সদস্যরা গাড়িটিকে দেখতে পান। পুলিশ দেখে চালক ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করে সাহায্য চান। এসময় হাইওয়ে পুলিশ দ্রুত গাড়িটির দিকে এগিয়ে গেলে গাড়িতে থাকা ৫ থেকে ৭ জন ব্যক্তি নেমে বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যান। পরে  চালক খোরশেদকে উদ্ধার করে পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি রামদা ও শাবলযুক্ত একটি লোহার রড উদ্ধার করা হয়।

এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্র, মাইক্রোবাস ও চালককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাতেই কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।