মুক্তিযুদ্ধ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে হেয় করে পোস্ট দেয়ায় এক ব্যক্তি গ্রেফতার

বাসাইলে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে হেয় করে পোস্ট দেয়ায় এক ব্যক্তি গ্রেফতার

টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান ও তার পিএস সাদেকুল ইসলাম সবুজকে হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলামের ছোট ভাই বাদল মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কাশিল বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।

আরো পড়ুনঃ বিরোধী দল এখনই ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে-আযম খান

গ্রেপ্তারকৃত মো. বাদল মিয়া উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ মামলায় অপর আসামিরা হলেন, তানভীর আহসান সুমন (৩৭) ও বাদল মিয়ার বড় ভাই শাহাদাত মিয়া (৫২)। মামলার বাদির নাম মো. ইবাদুল ইসলাম (৩২)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকার আসাদুজ্জামানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, জনৈক তানভীর আহসান সুমন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নামের একটি ফেসবুক গ্রুপে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খানের ছবি ব্যবহার করে একটি পোস্ট দেন। পোস্টটিতে লেখা রয়েছে, “মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী তিনি একজন মুক্তিযুদ্ধের বিরোধী মানুষ। মুক্তিযুদ্ধ মন্ত্রী হওয়ার তার কোন যোগ্যতা নেই। তার অপসারণ চাই।”

এ পোস্টটি মামলার ২ নম্বর আসামি শাহাদাত মিয়া তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। এ ছাড়াও মন্ত্রীর পিএস সাদেকুল ইসলাম সবুজের ছবি ব্যবহার করে সখিপুর এবং দেশবিদেশের নিউজ নামের অপর একটি ফেজবুক পেইজ থেকে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। পোস্টটিতে লেখা আছে, “শশুর বাড়ীর লোক নাটোরে চঝ সবুজ”।

বিষয়টি নজরে আসায় ৬ নভেম্বর মো. ইবাদুল ইসলাম বাদি হয়ে বাসাইল থানায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫ (১)/২৭(১) ধারায় ৩ জনের নাম উল্লেখ ও ৩/৪জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(১)/২৭ (১) ধারায় মামলা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামি বাদল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ মামলাটি হয়েছে।