টাঙ্গাইলের মধুপুরে ৬ কেজি গাঁজাসহ এক যুবলীগ কর্মীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
আটক যুবলীগ কর্মি মোটেরবাজার চুনিয়া সরকারবাড়ির জনৈক লেবু সরকার এর ছেলে আতিক সরকার(৩৬)। সে আউশনারা ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।
শনিবার(৭ নভেম্বর) সন্ধ্যায় নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে ৬ কেজি(পেটি) গাঁজা উদ্ধার করে পুলিশ।
আরো পড়ুনঃ মধুপুরে মাদক ব্যবসায়ী স্বামীর শাস্তির দাবিতে স্ত্রী ও এলাকাবাসীর মানববন্ধন
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ কে এম ফজলুর হক জানান,মাদকের বিষয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আতিকের বাড়ী থেকে ৬ কেজি পেটি গাঁজা উদ্ধার করা হয়। অভিযান কালে আরো দুজন পালিয়ে যায়।
তারা হলেন, আউশনারা ইকুড়িয়াপাড়া গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে মজনু মিয়া ও চুনিয়া সরকার পাড়া গ্রামের মৃত আবতাব আলী সরকারের ছেলে হান্নান সরকার। অপরদিকে পৃথক অভিযানে আউশনারা মোটেরবাজার এলাকার মৃত আজমত আলীর ছেলে আনসার আলী ও লোকমান হোসেনের ছেলে জয়নাল আবেদীনকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলাদা দুটি মামলা দায়ের করে আসামিদের ৮ নভেম্বর দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়।

