কালিহাতীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে এক যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে আলামিন (২৪) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কালিহাতী পৌরসভার সালেংকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।

জরিমানাপ্রাপ্ত আলামিন উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, অভিযুক্ত যুবক আলামিন এক্সেভেটর দিয়ে আবাদি জমির উপরিভাগের মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় সত্যতা পাওয়ায় আলামিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।