গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে দাবি করছেন নেতারা।মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কালিহাতী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিজয় মিছিল বের হয়।
অপরপক্ষে, কালিহাতী বাসস্ট্যান্ডের শহীদ শফি সিদ্দিকী তোরণের পাশে একটি সমাবেশ চলছিল। সেখানে বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদার, ড্যাব নেতা ডা. শাহ আলম, মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার ও জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি আব্দুল আউয়ালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এক পর্যায়ে বেনজির আহমেদ টিটোর মিছিলটি লুৎফর রহমান মতিনদের সমাবেশের কাছাকাছি চলে আসায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘বিজয় মিছিলটি সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় বিএনপির উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকার পরিবেশ শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।’

