গোপালপুর বিয়ের রাতেই অসুস্থ হয়ে বরের মৃত্যু

গোপালপুর বিয়ের রাতেই অসুস্থ হয়ে বরের মৃত্যু

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিয়ের রাতেই অসুস্থ হয়ে আয়নাল হক (৩৮) নামে বরের মৃত্যু হয়েছে। নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মাথায় তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গত বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মারা যাওয়া আয়নাল হক ওই গ্রামের মৃত দানেশ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম।
স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্র জানায়, আয়নাল হক টাঙ্গাইল শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালাতেন এবং পাশাপাশি ব্যবসাও করতেন।

আরো পড়ুনঃ গোপালপুরে স্কুলে প্রেমের বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি

এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার ছিল। তবে গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তান রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে তার বন্ধুর সঙ্গে পালিয়ে যান।
এরপর থেকেই দুই সন্তানকে লালন-পালন করা নিয়ে তীব্র হতাশায় ভুগছিলেন তিনি। এমন পরিস্থিতিতে পরিবারের লোকজনের অনুরোধ ও সম্মতিতে বুধবার রাতে পার্শ্ববর্তী খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুনকে (২০) দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন আয়নাল। আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নতুন স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে বাবার বাড়িতে ফেরেন তিনি। কিন্তু বাসরঘরের আনুষ্ঠানিকতার মধ্যেই গভীর রাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করেন আয়নাল। হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলার আগেই তার মৃত্যু হয়।

হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম জানান, বিয়ে সম্পন্ন হওয়ার পর নববধূকে ঘরে তোলার রাতেই এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ নিয়ে আসেননি বা লিখিতভাবে কিছু জানাননি। যতটুকু তথ্য পেয়েছি, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই মারা গেছেন।