টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ১০ নম্বর রসুলপুর ইউনিয়নের করবাড়ী এলাকায় এক গ্রাম পুলিশের বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, রুপার গহনা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন খোয়া গেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী গ্রাম পুলিশের নাম কার্তিক চন্দ্র রবিদাস। তিনি ১০ নম্বর রসুলপুর ইউনিয়ন পরিষদে কর্মরত।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাতে প্রতিদিনের মতো খাওয়াদাওয়া শেষে রাত ১১টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর সাড়ে ৫টার দিকে কার্তিক চন্দ্র রবিদাসের মেয়ে আলপনা রবিদাস ঘুম থেকে উঠে ঘরের পেছনের মাটির দেয়ালে খোঁড়া দেখতে পান। পরে পরিবারের অন্য সদস্যদের ডেকে তুললে ঘরের দুটি স্থানে সিঁধ কাটার বিষয়টি নজরে আসে।
পরিবারের দাবি, চোরেরা ঘর থেকে নগদ ১ লাখ ২৫ হাজার ৮০০ টাকা, এক ভরি স্বর্ণালংকার, ২৫ ভরি রুপার গহনা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে।
এ ঘটনায় ১৩ অক্টোবর কার্তিক চন্দ্র রবিদাসের ছেলে সুভাষ চন্দ্র রবিদাস ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পাশাপাশি মোবাইল ফোন হারানোর বিষয়ে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চুরির সময় গ্রাম পুলিশের ইউনিফর্মে মলত্যাগ করে সেটি ব্যবহারের অনুপযোগী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। বাড়ির আরও কয়েকটি স্থানেও মলত্যাগের চিহ্ন পাওয়া গেছে বলে জানা যায়।
অভিযোগের চার দিন পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান পদক্ষেপ না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনার শিকার হওয়ার আশঙ্কাও জানিয়েছেন তারা।
তবে চুরির ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

