জনগণের ভোট ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন হবে না

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, জনগণের ভোট ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন হবে না। শনিবার (৫ অক্টোবর) সন্ধায় মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ একতরফা ডামি নির্বাচনের মধ্য দিয়ে রাতের ভোটে ক্ষমতায় ছিল। তারা রাজনীতি ভুলে গিয়ে হারিয়ে গিয়েছিল।

তাদের দলে রাজনীতি ছিল না। পৃথিবীর মানচিত্রে আওয়ামী লীগের মতো কোনো সরকারের পতন হয়নি। তাদের বিদায় হয়েছে, পালাতে হয়েছে।তিনি বলেন, ‘ভোট হলো না আবার এমপি হলেন।

ক্ষমতা দেখাতে হবে, ক্ষমতায় থাকতে হবে এ জন্য জাতীয় নির্বাচন ঘোড়া মার্কা ও ট্রাক মার্কা দিয়ে একতরফা নির্বাচন করেছে। আবার রাতেও ভোট হয়েছে। আমরা সেই নির্বাচন চাই না। রাজনীতির মাঠে শক্ত প্রতিযোগিতা না থাকলে মজা লাগে না।
আমরা চাই প্রতিযোগিতামূলক নির্বাচন হোক।’উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের শিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, উপজেলা বিএনপির সহসভাপতি ডি এম শওকত, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ ও জসিম উদ্দিন খান, প্রেস ক্লাবের সভাপতি শামছুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি নিরঞ্জন পাল, জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল মোহসীন শিপন ও মো. এরশাদ মিঞা প্রমুখ বক্তৃতা করেন।