টাংগাইলের ৮টি আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছ থেকে স্ব স্ব মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তারা।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন—টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শাকিলুজ্জামান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হোসনী মোবারক, টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাসানাত আল আমিন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী কবীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও শরীফুল ইসলাম, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ টি এম রেজাউল করিম আলরাজী এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে খেলাফত মজলিসের প্রার্থী শহিদুল ইসলাম।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘স্ব স্ব প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’