টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুইজবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃতা লিলি আক্তার (৪০) মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিসুর রহমান উত্তমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে লিলি আক্তার আনিসুর রহমানের মালিকানাধীন বেকারির কারখানায় কাজের খোঁজ নিতে যান।
পরে সেখানে মুখে গামছা বাঁধা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মৃতার ভাতিজা মেহেদী হাসান জানান, ঘটনার সময় তার চাচা বেকারিতে ছিলেন না। তাদের সন্দেহ, তাকে মারতে এসে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।
বিএনপি নেতা আনিসুর রহমান বলেন, ‘ঘটনার সময় বৃষ্টির কারণে বেকারিতে ছিলাম না। কে বা কারা আমার স্ত্রীকে এভাবে হত্যা করেছে সেটা বুঝতে পারছি না।’
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।’