টাংগাইলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মাস বয়সী সাফা নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শিশুটি মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন নামে আট মাসের এক শিশুর মৃত্যু হয়। এ নিয়ে দুদিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুজন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আটজন শিশু হামের উপসর্গ নিয়ে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ২৩ শিশু চিকিৎসা নিচ্ছে।এদিকে রোগীদের চাপ সামাল দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও অনেক রোগী ভর্তি থাকলেও আজকের তথ্য সরবরাহ করতে পারেনি সিভিল সার্জন অফিস।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হামের চিকিৎসা দিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।