নিজস্ব প্রতিনিধিঃ অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় টাঙ্গাইল শহরের চারটি রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। রবিবার (৩ মার্চ) বিকেলে রেস্তোরাঁগুলোয় মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার সুরুচি রেস্তোরাঁর মালিককে ১ লাখ, সুগন্ধা রেস্তোরাঁয় ২০ হাজার, ঝাউবন রেস্তোরাঁয় ২০ হাজার ও ছেফাত রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মাদ আলী বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপকের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, এলপিজি গ্যাসের পরিবর্তে সিলিন্ডার গ্যাস ব্যবহার এবং ফায়ার সার্ভিসের লাইসেন্স না থাকার অপরাধে রেস্তোরাঁগুলোকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
এ সময় ফায়ার সার্ভিস, ভোক্তা অধিকার সংরক্ষণ ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

