তিন মাসে প্রধানমন্ত্রী যা করেছেন, অন্যরা তিন বছরেও তা করতে পারত না-টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘তিন মাসে প্রধানমন্ত্রী যা করেছেন, অন্যরা তিন বছরেও তা করতে পারত না।’

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত অফিস করেন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শনিবার (২০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে যে জুলুম-নির্যাতন চালিয়েছে তার নজির পৃথিবীর কোথাও নেই। সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়া পরিবার। গত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন।’

তিনি জানান, দেশের সব পর্যায়ের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন, বিশেষ করে গোপালপুর–ভূঞাপুরের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। ষড়যন্ত্রের মাধ্যমে দলের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।

টুকু বলেন, ‘আমরা জিয়া পরিবারের লোক। নেতাকর্মীদের সব সময় পরিবার মনে করি। দেশ নিয়েও ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে সে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’ তিনি ধৈর্য ধারণের আহ্বান জানান।

শোকসভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের এমপি আব্দুস সালাম পিন্টু।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।