টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে অপপ্রচার ও গুজব ছড়ানো এবং ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) কৃষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিকীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার আবু বকর উপজেলার বেকড়া গ্রামের মো. সোহরাব হোসেনের ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিকী সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক অপপ্রচার চালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট ও অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি অনুসারীদের নিয়ে নাগরপুর সরকারি কলেজ ক্যাম্পাসের কাঠবাগান এলাকায় অবস্থান নেন।
খবর পেয়ে ছাত্রদল কলেজ শাখার আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম আসলামসহ সংগঠনটির নেতাকর্মীরা সেখানে গিয়ে আবু বকরকে অপপ্রচার থেকে বিরত থাকার এবং বিশৃঙ্খলা না করার অনুরোধ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে আবু বকরের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে ছাত্রদল কলেজ শাখার আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম আসলামসহ তিনজন আহত হন।
এ ঘটনায় আবু বকরকে প্রধান আসামি করে নাগরপুর থানায় মামলা করা হয়।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগকে কেন্দ্র করে গুজব ছড়ানো ও মারামারির ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে আবু বকর সিদ্দিকীকে গ্রেপ্তার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

