টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে ধর্ষণে সহযোগিতা করায় মাকে ১৫ বছরের কারাদণ্ড ও ধর্ষণের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (০৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আ.ন.ম. ইলিয়াস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন-সখীপুরের খোরশেদ আলমের ছেলে মো. শহিদ, মৃত ইদ্রিস আলীর ছেলে মো. ইসমাইল ও মজিবুর রহমানের ছেলে আব্দুর রহমান এবং ভিকটিমের মা অযুফা বেগম।
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সরকারি কৌশলী (পিপি) ওমারাও খান দিপু জানান, ২০২০ সালের ১৮ মে সখীপুরে রাতে কবিরাজ বাড়িতে যাওয়া কথা বলে অযুফা তার মেয়েকে বাইরে নিয়ে যান।
পরে তাদের দুজনকেই এক ব্যক্তি মোটরসাইকেলে করে একটি দোকানে নিয়ে যান। এসময় সেখানে আরও চারজন ছিলেন।
পরে তারা পাঁচজন ভয় দেখিয়ে মায়ের সামনেই মেয়েকে পালাক্রমে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে তারা মেয়েটিকে একটি বাড়ির সামনে রেখে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে থানায় মামলা করেন। মামলার শুনানি শেষে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেন আদালত। এছাড়া ধর্ষণে সহযোগিতা করায় ভুক্তভোগীর মাকে ১৫ বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।