টাঙ্গাইলের বাসাইলে খন্দকার শরিফুজ্জামান রঞ্জু হত্যা মামলায় তালেব খাঁকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার (২৫ মে) ভোরে ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার চর গোবাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তালেব বাসাইলের কাশিল পশ্চিমপাড়া গ্রামের মৃত সুমেজ খাঁ’র ছেলে।
রবিবার সন্ধ্যায় র্যাব ১৪-এর ৩নং কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৩ মার্চ ভোর রাতে টাঙ্গাইল শহরের বৃজ মাদকাশক্তি চিকিৎসা কেন্দ্র থেকে ছয়জনের একটি টিম মাদকাসক্ত ফরিদকে (২৫) চিকিৎসা কেন্দ্রে ভর্তি করার জন্য তাদের বাড়িতে যান। এসময় মামলার অভিযুক্তরা এলোপাতাড়ি মারধর করে। এতে ভিকটিম খন্দকার শরিফুজ্জামান রঞ্জু গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ মার্চ রাতে রঞ্জু মৃত্যুবরণ করেন।পরদিন নিহতের স্ত্রী নুরী আক্তার বাদি হয়ে বাসাইল থানায় হত্যা মামলা করেন। বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে তালেব খাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে বাসাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।