বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘দুর্ঘটনাকবলিত বিমানটি পুরাতন একটি বিমান, পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল কি না, বিমানটির সঠিকভাবে পরিচালনা করা হয়েছে কি না, এছাড়া বিমানটির পুরাতন যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছিল কি না সেজন্য তদন্ত হওয়া দরকার। বিমান দুর্ঘটনায় দায় বিমান কর্তৃপক্ষ এড়াতে পারবে না।’
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত তানভীর আহমেদের গ্রামের বাড়ি নগরভাতগ্রামের নয়াপাড়া গ্রামে আজ রবিবার (২৭ জুলাই) সকালে তানভীরের পরিবারকে সান্ত্বনা দিতে এসে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
আব্দুস সালাম পিন্টু বলেন, ‘বিএনপি যতদিন আছে ততদিন নেতাকর্মীরা বিমান দুর্ঘটনায় শহীদ হওয়া সব পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
গত ২১ জুলাই (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা ঘটে। এতে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাতগ্রামের নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার বড় ছেলে অষ্টম শ্রেণির ছাত্র তানভীর আহমেদ মারা যান। পরের দিন মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টায় আন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তানভীরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এলাস্টিক ব্যবসায়ী রুবেল মিয়া পরিবার নিয়ে গত ১০ বছর যাবত উত্তরায় ভাড়া বাসায় বসবাস করেন। সে সুবাদে তার দুই ছেলেকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করেন। রুবেলের বড় ছেলে তানভীর আহমেদ নার্সারি থেকে একই বিদ্যালয়ে অধ্যায়নরত ছিল।

