মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘‘বিরোধী দল সেই আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। তারা লংমার্চ করছে। লংমার্চ করে বলে, এই মুহূর্তে সরকারের পতন ঘটাবে। আমরা খুব তাড়াতাড়ি এক দফার ঘোষণা দেবে। আওয়ামী লীগের সুরে বিরোধী দল কথা বলে।’’
রোববার ( ২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আরো পড়ুনঃ বাসাইলে সেতুতে বাঁশ ব্যবহারের ঘটনায় দুই তদন্ত কমিটির দুইরকম রিপোর্ট
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘‘আজকে বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ আছে, গত সাত মাসে একটা গুম হয়নি, একটা রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি। একটা অত্যাচারিত হওয়ার ঘটনাও ঘটেনি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বিরোধী দল আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা দেবো। জনগণ যে জাতীয় সংসদ তৈরি করে দিয়েছে, আপনাদের যত কথা, আপনারা জাতীয় সংসদে বলুন। সকল আন্দোলন, সকল আলোচনা, সকল সমস্যা, সকল ভুলত্রুটির কেন্দ্রবিন্দু হোক জাতীয় সংসদ। তবেই তো সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা লাভ করবে।’’
আহমেদ আযম খান বলেন, ‘‘আমরা সংসদে বিরোধী দলকে বারবার আহ্বান জানিয়েছি। আসুন– বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আর জ্বালাও-পোড়াও নয়। স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে, এবার আমরা একটি গণতান্ত্রিক দেশ গড়তে চাই। আমরা অর্থনীতিকে পুনর্নির্মাণ করতে চাই। আমরা বিশ্বদরবারে জাতিকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করাতে চাই।’’
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

