টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে উপজেলার গোবিন্দাসী টি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, মধ্যরাতে একটি মালবোঝাই পিকআপ গোবিন্দাসীরটি রোডের কালা সড়ক ধরে যুমনা নদীর দিকে সন্দেহজনকভাবে অবস্থান করায় স্থানীয়রা আটক করে। এসময় চালক আটক হলেও পালিয়ে যায় অন্যরা। পরে পিকআপের চালক আজমত জানান ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভাড়া করেছে। আগেও একই পন্থায় সরকারি ওষুধ যমুনা নদীসহ একাধিক স্থানে ফেলা হয়েছে বলেও চালক স্থানীয়দের কাছে স্বীকার করেন। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক পিকআপ ও চালককে থানায় নিয়ে আসে। এ ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।
আরো পড়ুনঃ ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম বলেন, জনগণ ওষুধ ও পিকআপ আটক করেছে। পরে আমরা থানায় এনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

