টাঙ্গাইলে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

সাড়ে ৬ বছরের শিশুকে নির্যাতন ও হত্যাচেষ্টা, প্রধান অভিযুক্ত বিপ্লব গ্রেফতার

টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান অভিযুক্ত বিপ্লবকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার বিপ্লব মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির।

এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাতে শিশুটির মা ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

রোববার বিকেলে গ্রেফতারের বিষয়টি জানিয়ে সংবাদ সম্মেলন করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী। তিনি বলেন, ঘটনার পর পুলিশ, ডিবি, পিবিআই ও এসআরবির একাধিক দল অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতারে কাজ শুরু করে। তার পরিচয় শনাক্ত করা গেলেও কোনো মোবাইল ফোন ব্যবহার না করায় অবস্থান নির্ণয় করা যাচ্ছিল না। পরে থানা পুলিশের সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুরে পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আরও জানান, শিশুটি বিপ্লবকে ‘চাচ্চু’ বলে ডাকত। ঘটনার দিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় সে শিশুটিকে নির্যাতনের উদ্দেশ্যে নিয়ে যায় বলে পুলিশের প্রাথমিক তথ্যে উঠে এসেছে।

তিনি বলেন, শিশুটির মা ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। তবে ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের একটি ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। এ সময় শিশুটি চিৎকার করে বাধা দিলে অভিযুক্ত বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে শনিবার গভীর রাতে হাসপাতালে ছুটে যান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।