নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় হাটফতেপুর বাজার বণিক সমিতি দখল নিয়ে সাইনবোর্ড সাঁটিয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগের কার্যালয়টিতে সাইনবোর্ড সাঁটানো হয়। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে এর সত্যতা পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, গত ১৩/১৪ বছর আগে তৎকালীন ফতেপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন তালুকদার ফতেপুর বাজারে আওয়ামী লীগ কার্যালয় প্রতিষ্ঠা করেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতন হয়। সরকার পতনের খবর ফতেপুর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ আন্দোলকারীরা ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করে আসবাপত্র ভাঙচুর এবং কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে। এ সময় অফিসের ভেতরে থাকা শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় সাবেক এমপি ও নেতাদের ছবি পুড়িয়ে দেয়। সরকার পতনের পর মামলায় আসামি এবং মামলার ভয়ে আত্মগোপনে চলে যায় ওই ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
৫ আগস্ট এর পর আওয়ামী লীগ কার্যালয়টি হাট ফতেপুর বাজার বণিক সমিতি দখলে নিয়ে সাইনবোর্ড সাঁটিয়ে দেয়।ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অপসারিত ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঙ্গে মোবাইল ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
কার্যালয়ের প্রতিষ্ঠাতা ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন তালুকদারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
হাট ফতেপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আনছার সিকদারের সাথে কথা হলে তিনি বলেন, ৫ আগস্ট এর পর আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয়ে আসে না।
ওই কার্যালয়ে বণিক সমিতির অফিস করা হয়েছে। আবার আওয়ামী লীগ আসলে তারা নিয়ে নিবে। ঝামেলার দরকার নেই।