শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া আনন্দ উচ্চ বিদ্যালয়ে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন ও বিদ্যুৎ বিল বাবদ অর্থ আদায় করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দাবি করা অর্থ না দিলে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় বসতে দেওয়া হবে না- এমন হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, চলতি মাসে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রি-টেস্ট পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর আগে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি ও বিদ্যালয়ের বেতনসহ বিভিন্ন খাতে টাকা আদায় শুরু করছে।
এক শিক্ষার্থীর মা বলেন, আমার ছেলে দশম শ্রেণিতে পড়ে।
এ ব্যাপারে বক্তব্য চাওয়া হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ’আইন জেনে বিদ্যালয়ে আসেন। আপনি সব জানেন, তার পরও আমাকে কেন প্রশ্ন করেন। আমি মোবাইল ফোনে কোনো কথা বলবো না।’ এর পরই ফোন কেটে দেন ওই প্রধান শিক্ষক।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা জুলফিকার হায়দার বলেন, জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানার মাধ্যমে বিষয়টি জেনেছি। উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে বেতন না নেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। তার পরও শিক্ষার্থীদের কাছ থেকে বেতন নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

