টাঙ্গাইলের মির্জাপুরে পুকুর থেকে কলেজছাত্র রবিউল হোসেনের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) সকালে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামের জুলহাস আলী মিয়ার ছেলে রাহাত (২১) ও একই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে সাব্বির মিয়া ওরফে রাব্বি (২০)।
আরো পড়ুনঃ মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার
এর আগে গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুর থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি জহিরুল ইসলাম বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর আড়াইপাড়া গ্রামের রাজীব চাঁনের বাড়িতে বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে লালনসংগীতের আয়োজন করা হয়। গান শুনতে ওই দিন রাত ৮টার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হন রবিউল।
রাত ১০টা থেকে ১১টার মধ্যে গান চলাকালে পাশের গেড়ামারা ও গোহাইলবাড়ি গ্রামের কয়েকজন তরুণের সঙ্গে রবিউল ও তার বন্ধুদের ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে তারা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর থেকে নিখোঁজ ছিলেন রবিউল। শনিবার বিকেল ৪টার দিকে স্থানীয় লোকজন ওরশের অনুষ্ঠানস্থল থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন।
রবিউল পাশের ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের কফিল সারেংয়ের ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের ভগ্নিপতি ও মামলার বাদী জহিরুল ইসলাম রবিউলের বন্ধুদের বরাত দিয়ে বলেন, গ্রেপ্তার রাহাতের নেতৃত্বে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারেও পুলিশ কাজ করছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ছাড়া রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

