অবহেলায় পড়ে আছে মাওলানা ভাসানীকে দেয়া মাও সে-তুংয়ের ট্রাক্টর

অবহেলায় পড়ে আছে মাওলানা ভাসানীকে দেয়া মাও সে-তুংয়ের ট্রাক্টর

চীন সফরে গিয়ে বিপ্লবী নেতা মাও সে-তুংয়ের কাছ থেকে একটি ট্রাক্টর উপহার পেয়েছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। কৃষকের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে দেশে ফিরেই ট্রাক্টরটি কৃষিকাজে ব্যবহার করেন তিনি। একসঙ্গে ৫০ একর জমি চাষের সক্ষমতা ছিল যন্ত্রটির। তবে সময়ের পরিক্রমায় ট্রাক্টরটির চাকা থেমেছে, কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস থামেনি।

বাংলাদেশ-চীনের সম্পর্ক, দুই বিপ্লবী নেতার বন্ধুত্ব এবং ভাসানীর কৃষি ও সমবায় ভাবনার স্মারক হয়ে থাকা এই ট্রাক্টর এখন টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংরক্ষিত।

ভাসানি পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীদের অভিযোগ, ইতিহাসের সাক্ষী এ ট্রাক্টরসহ ভাসানীর ব্যবহৃত বিভিন্ন সামগ্রী যথাযথভাবে সংরক্ষিত নয়। ধুলার আস্তরণ জমেছে ট্রাক্টর ও টাইপরাইটারে, নেই ট্রাক্টরের একটি চাকাও। তারা এসব সামগ্রী যথাযথভাবে সংরক্ষণ এবং একটি ‘ভাসানী কমপ্লেক্স’ গড়ে তোলার দাবি জানিয়েছেন।

জানা যায়, মওলানা ভাসানী ১৯৬৩ সালে প্রথম এবং ১৯৬৪ সালে দ্বিতীয়বার চীন সফর করেন। ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি ‘মাও সে-তুংয়ের দেশে’ নামে একটি বইও লেখেন। ১৯৬৬ সালে তৃতীয় ও শেষবার চীন সফরের সময় চীনের নেতা মাও সে-তুং তাকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার কথা বলেন। ১৯৬৭ সালে চীন থেকে ট্রাক্টরটি বাংলাদেশে পাঠানো হয়।

সমবায় পদ্ধতিতে কৃষিকাজের জন্য উপহার পাওয়া ট্রাক্টরটি দিয়ে একসঙ্গে ৫০ একর জমি চাষ করা যেত। সে সময় মওলানা ভাসানীর কৃষি কার্যক্রম চলছিল জয়পুরহাটের পাঁচবিবির মহীপুর এলাকায়। সেখানে কিছুদিন ট্রাক্টরটি ব্যবহার করা হয়। পরে ১৯৭৪ সালে এটি টাঙ্গাইলের সন্তোষে নিয়ে আসা হয়।

ভাসানী ট্রাক্টরটি বসিয়ে না রেখে কাজে লাগানোর জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনকে (বিএডিসি) দিয়ে দেন। বিএডিসি সেটি জামালপুরে কিছুদিন ব্যবহার করে। একপর্যায়ে অকেজো অবস্থায় পড়ে থাকলে ট্রাক্টরটি বিক্রির উদ্যোগের কথা ওঠে। পরে ১৯৯৫ সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড এটি ক্যাম্পাসে ফিরিয়ে আনে। বর্তমানে ট্রাক্টরটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পশ্চিম পাশে একটি টিনশেডে রাখা হয়েছে ঐতিহাসিক ট্রাক্টরটি। শেডের চারপাশে স্বচ্ছ কাচ লাগানো। ভেতরে ট্রাক্টরটির পাশাপাশি রয়েছে ভাসানীর ব্যবহৃত টাইপরাইটারসহ বিভিন্ন সামগ্রী। দীর্ঘদিনের অযত্নে সেগুলোর ওপর জমেছে ধুলার আস্তরণ। ট্রাক্টরটির সামনের একটি চাকাও নেই।

ট্রাক্টরটি প্রায় ছয় ফুট উঁচু এবং ১০ ফুট লম্বা। তবে এর নির্মাতা প্রতিষ্ঠান, মডেল, ইঞ্জিনের সক্ষমতা ও উৎপাদনকাল সম্পর্কে বিস্তারিত তথ্য সংরক্ষিত আছে কি না, তা জানা যায়নি।

বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. আক্তারুজ্জামান সাজু বলেন, মওলানা ভাসানী দল-মতনির্বিশেষে আমাদের রাষ্ট্রীয় সম্পদ। তিনি আছেন আদর্শ, স্মৃতি, ইতিহাস ও কবির কবিতায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এই ব-দ্বীপের একটি সাধারণ পরিবারে জন্ম নিয়েও যে বিশ্বরাজনীতিতে প্রভাব বিস্তার করা যায়, মওলানা ভাসানী তার উজ্জ্বল উদাহরণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন ও প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের পথে।

তিনি আরও বলেন, মওলানা ভাসানী শুধু রাজনৈতিক আন্দোলনের নেতা ছিলেন না, কৃষক ও মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্নও দেখতেন। তার চিন্তায় কৃষির উন্নয়ন, সমবায়ভিত্তিক উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ বিশেষ গুরুত্ব পেয়েছিল।

আফাজ মিয়া নামে ভাসানীর এক ভক্ত বলেন, শুধু কাচঘেরা স্থানে রেখে দিলেই একটি ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষণ সম্পন্ন হয় না। প্রয়োজন উপযুক্ত জাদুঘর, নিয়ন্ত্রিত পরিবেশ, নিয়মিত পরিচর্যা, তথ্যফলক এবং ডিজিটাল আর্কাইভ।

তিনি আরও বলেন, ট্রাক্টরটির উৎপত্তি, নির্মাতা প্রতিষ্ঠান, মডেল, ইঞ্জিনের সক্ষমতা, উৎপাদনকাল এবং চীন থেকে বাংলাদেশে পাঠানোর মূল দলিল সংগ্রহ করা প্রয়োজন। একই সঙ্গে মাও সে-তুঙের উপহার হিসেবে এর ঐতিহাসিক পরিচয় নিশ্চিত করতে চীনা পক্ষের আর্কাইভ ও কূটনৈতিক নথিও অনুসন্ধান করা যেতে পারে।

মওলানা ভাসানীর নাতি ও ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী বলেন, দীর্ঘদিন ধরে কবি বুলবুল খান মাহবুব চাচার নেতৃত্বে ভাসানী পরিবার, ভক্ত ও অনুসারীরা ভাসানীর নিজ হাতে গড়া বিভিন্ন প্রতিষ্ঠান দরবার হলের পাশে স্থানান্তর করে একটি ‘ভাসানী কমপ্লেক্স’ গড়ে তোলার দাবি জানিয়ে আসছেন। এর লক্ষ্য মওলানা ভাসানীর স্মৃতি, সংগ্রাম ও কর্মকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুসংগঠিতভাবে তুলে ধরা। এ দাবিতে বিভিন্ন সময়ে সভা-সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।

আরো পড়ুনঃ টাংগাইলে ড্রামাটিক ক্লাবের কুমারখালির চর নাটক মঞ্চস্থ

তিনি বলেন, দুঃখজনকভাবে একটি কুচক্রী মহলের কারণে চীন থেকে উপহার পাওয়া ট্রাক্টরসহ তার বহু স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাচ্ছে, যার দায় কেউ নিতে চায় না। সরকারের কাছে পুনরায় দাবি জানাই, প্রস্তাবিত ‘ভাসানী কমপ্লেক্স’ দ্রুত বাস্তবায়ন করা হোক, যাতে তার ইতিহাস, সংগ্রাম ও সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে সংরক্ষণ করা যায়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ত্যাগ, মানবতা ও রাজনৈতিক দর্শন পৌঁছে দিতে সব স্তরের পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আরেক নাতি মাহমুদুল হক সানু বলেন, মওলানা ভাসানীর সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে। তার সব স্মৃতিচিহ্ন সংরক্ষণের দাবি জানাচ্ছি।

১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী। সিরাজগঞ্জে জন্ম হলেও জীবনের সিংহভাগ সময় তিনি কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন।

কৈশোর-যৌবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন ভাসানী। দীর্ঘদিন তিনি তৎকালীন বাংলা-আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি ছিলেন। লাইন-প্রথা উচ্ছেদ ও জমিদারদের নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনসহ সারাজীবন সাধারণ মানুষের কল্যাণে সংগ্রাম করেছেন তিনি। তার উদ্যোগে ১৯৫৭ সালে কাগমারীতে অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় তিনি সর্বদলীয় ওয়ার কাউন্সিলের উপদেষ্টা ছিলেন। স্বাধীনতার পর তার উল্লেখযোগ্য কর্মসূচিগুলোর মধ্যে ছিল ফারাক্কা লংমার্চ।

১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মওলানা ভাসানী। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী এবার ভিন্ন মাত্রায় পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আশা করছি, যথাযথভাবে মৃত্যুবার্ষিকী পালন করতে পারব। তার আদর্শ অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করা হবে।