নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে শিক্ষকের কিল, ঘুষি ও লাথিতে সপ্তম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ভুক্তভোগী ছাত্র অনিকের বাবা রফিকুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
গত বুধবার উপজেলার মৈশামুড়া বসন্ত কুমারি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। আহত ছাত্রকে (১২) উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষক গকুল সরকারের সাথে কথা হলে তিনি বলেন, অনিক অন্য ছাত্রদের সাথে ঝগড়া করে তাদের মারপিট করে। এই অভিযেগ পেয়ে তাকে সামান্য বেত্রাঘাত করি। তারপর দেড় ঘণ্টা বিদ্যালয়ে ভালই ছিল। বাড়িতে যাওয়ার পর তার শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন করে আমাকে ফাসানোর জন্য অভিযোগ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, অন্য ছাত্রদের মারপিটের অভিযোগে শিক্ষক ওই ছাত্রকে সামান্য শাসন করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আগামী রবিবার বিষয়টি নিয়ে ইউএনও স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।

