মির্জাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি (ভিটমাটি) বিক্রির দায়ে দুই মাটি ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার রাতে উপজেলার ইচাইল ও পৌর এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান।

জরিমানা প্রাপ্তরা হলেন- উপজেলার গোড়াইল গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে মো. আলমগীর মৃধা (৫০) ও যুগী গ্রামের সফিকুল ইসলামের ছেলে ইউসুফ মিয়া (২৭)।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, আলমগীর মৃধা বংশাই নদীর গোড়াইল ও পৌর এলাকায় এবং ইউসুফ মিয়া লৌহজং নদীর ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল এলাকা থেকে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন।

তিনি জানান, পরে স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ওই দুই জনকে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধভাবে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।