নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে বাসের চাপায় মহিউদ্দিন আকন্দ (৩৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন আকন্দ উপজেলার দেউপুর গ্রামের আনোয়ার হোসেন আকন্দের ছেলে।
শনিবার দুপুর ১টার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। উপজেলা চরভাবলা এলাকায় পৌঁছালে একটি বাসের চাপায় মহিউদ্দিন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
যমুনা সেতু পূর্ব পার থানার এসআই আবিদ হোসেন খান নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আহত মহিউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেছেন। দুপুরের পর জানতে পারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

