টাংগাইলে রডমিস্ত্রিকে জবাই করে হত্যা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে এক রডমিস্ত্রিকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৮ টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ১৮ বছর বয়সী ফুলচান মিয়া ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে।

সদর থানার ওসি তানভীর আহমেদ হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে নিহতের পিতা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু জানান, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে দুর্বৃত্তরা তাকে জবাই করে মরদেহটি ফেলে রেখে গেছে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, ‘কী কারণে, কারা তাকে হত্যা করেছে—এ বিষয়ে তদন্ত চলছে।

যারাই হত্যাকাণ্ড ঘটাক না কেন তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’তিনি আরো বলেন, ‘গত শুক্রবার দুপুরে নিহতের পিতা সন্দেশ মিয়া অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

আমরা বিভিন্ন দিক পর্যালোচনা করে মামলার তদন্ত করছি।’