টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন দিক থেকে আম ভর্তি একটি পিকআপের ধাক্কায় শুভ (২০) নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন।
গতকাল সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মীর মোশারফ হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার বানিয়াপাড়া এলাকায় একটি মালভর্তি ট্রাক দাঁড়ানো ছিল।
আম ভর্তি একটি পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। পিকআপটি শেরপুর যাচ্ছিল।এ ঘটনায় শুভ (২০) নামে এক আম ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান।
তিনি শেরপুরের খোয়ারজ গ্রামের শফিকুল ইসলামের ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত পিকআপের চালক পালিয়ে যায়।ঘাটাইল থানার ওসি মীর মোশারফ জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা গ্রহণ করা হয়নি।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।