টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের এলেংজানী নদীতে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিকেলে বরুহা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজারো মানুষ।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতা বিকেলে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ ও প্রবীণদের মিলনমেলায় রূপ নেয় পুরো এলাকা।
প্রাণবন্ত এই আয়োজন যেন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। তিনি বলেন, ‘গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ আমাদের সংস্কৃতির অংশ। তাই এই ঐতিহ্যকে ধরে রাখতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার গোলাম মাওলা। এছাড়াও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।