মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বাসাইলে বিএনপির আনন্দ মিছিলে ইউনিয়ন আ.লীগ সভাপতির স্লোগান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৬২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানীতে স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম মাস্টারের বিএনপির আনন্দ মিছিলে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) রাতে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আহমেদ আযম খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় উপজেলার সুন্যা ৯নং ওয়ার্ডে বিএনপি নেতা রুকনুজ্জামান ও আব্দুল করিমের নেতৃত্বে আনন্দ মিছিলে নজরুল ইসলাম স্লোগান দিয়ে অংশ নেন। আওয়ামী লীগ নেতার বিএনপির মিছিলে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।

নজরুল ইসলাম আওয়ামী লীগের কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ৫ আগস্টের পর কিছু দিন গা-ঢাকা দেন। পরে তিনি ধীরে ধীরে স্বাভাবিকভাবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছেন।

নজরুল ইসলাম বলেন, ‘‘বিএনপি নেতা রুকনুজ্জামানের অনুরোধে মিছিলে গিয়েছিলাম।’’ মিছিলে স্লোগান দেওয়ার কথা তিনি স্বীকার করেন।

স্থানীয়রা জানান, সোমবার ( ৩ নভেম্বর) টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়। পরে রাতে উপজেলার কাউলজানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুন্যা মধ্যপাড়া ও পূর্বপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির সদস্য ও সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুকনুজ্জামান এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল করিমের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে নজরুল ইসলামকে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়রা মিছিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।

কাউলজানী ইউনিয়ন বিএনপির সদস্য রুকনুজ্জামান বলেন, ‘‘তাকে মিছিলে আসার জন্য বলা হয়নি। তিনি হঠাৎ করে মিছিলে অংশ নেন। নজরুল ইসলাম বিএনপির কেউ নন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।’’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102