টাঙ্গাইল শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর পাড় থেকে সামনা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকার লৌহজং নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামনা বেগম ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী।
পুলিশ জানায়, শনিবার সকালে নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় সামনা বেগমের ভাগিনা শাওন তাকে মোবাইল ফোনে ডেকে নেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
স্থানীয়দের দাবি, মাদক ব্যবসাকে কেন্দ্র করে নিহত সামনা বেগমের সঙ্গে তার ভাগিনা শাওনের টাকা ভাগাভাগি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।