টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। সোমবার (৯ মার্চ) ভোরে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচাবাজার এলাকায় এ ঘটে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করেই একটি দোকানে আগুন লাগে। এতে মুহূর্তের মধ্যেই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন আমাদের দোকানের সব কিছুই পুড়ে গেছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, সোমবার ভোরে হঠাৎ বেবিস্ট্যান্ড কাঁচা বাজারের দোকানে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সঙ্গে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় মুদির দোকান, ওষুধ, মুরগি এবং কনফেকশনারি দোকান রয়েছে।